ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে ঘটনার সময় বিষয়টি বুঝতে পারেননি। কারণ, পরিচালক তাঁকে সরাসরি শারীরিকভাবে স্পর্শ করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা। জানান, ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলাকালে ঘটনাটি ঘটে। পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখে পড়েছিলেন, তা বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
স্বরা মনে করেন, যৌন হেনস্তা শুধু অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা জোরপূর্বক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণও এর অন্তর্ভুক্ত হতে পারে। মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখন উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা।
অভিনেত্রীর ভাষায়, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’
স্বরা জানান, তখন অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন তিনি। বয়স কম ছিল, ব্যক্তিগত কোনো টিম বা ইন্ডাস্ট্রিতে পরিচিতিও ছিল না। ফলে সাহায্য চাওয়ার মতো কাউকে খুঁজে পাননি। গুরুত্বপূর্ণ সিনেমার কাজ ছেড়ে দেওয়ার অবস্থাও তাঁর ছিল না।
তবে সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে পুরো ঘটনা খুলে বলেছিলেন স্বরা। তাঁর দাবি, ওই প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন।