দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় এর ২৭ বছরের দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর সামনে এসেছে। তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি জানতে পারেন তিনি এবং সেই সম্পর্ক এখনো অব্যাহত রয়েছে বলেও দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি।
১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাদের সংসারে দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা শাশা। সংগীতার দাবি, সংশ্লিষ্ট সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়, কিন্তু তা রক্ষা করা হয়নি। বিদেশ সফর ও সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ নিয়েও আপত্তি তুলেছেন তিনি।
বিচ্ছেদ আবেদনে সংগীতা আরও উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সন্তানরা সামাজিকভাবে অপমানিত বোধ করছেন। তাঁকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন। পাশাপাশি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয়টিও আদালতের নজরে এনেছেন।
বর্তমানে বিষয়টি বিচারাধীন। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, দাম্পত্য সম্পর্কটি এখন কেবল কাগজে কলমে টিকে আছে।
এদিকে অভিনয় থেকে ধীরে ধীরে সরে এসে রাজনীতিতে সক্রিয় হয়েছেন বিজয়। তিনি ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় শুরু করেছেন।