তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অভাবনীয় সাফল্যের নজির গড়লেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ২৩৪টি আসনের মধ্যে ১০৭টিতে জয়লাভ করেছে। পর্দার জনপ্রিয়তা যে কেবল বিনোদনেই সীমাবদ্ধ নয়, বরং জনমানুষের আস্থাতেও তাঁর অবস্থান অনেক ওপরে। পেরাম্বুর নির্বাচনী এলাকা থেকে বড় ব্যবধানে জিতে বিজয় সেটিই প্রমাণ করেছেন। অভিনেতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার এই যাত্রাকে দক্ষিণ ভারতীয় রাজনীতির এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিজয়ের এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছে পুরো বিনোদন দুনিয়া। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত থেকে শুরু করে ধানুশ, রাশমিকা মান্দানা এবং অস্কারজয়ী সুরকার এ আর রহমান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণী সিনেমার শীর্ষ এই নায়ককে এখন রাজনীতির মাঠের আসল ‘হিরো’ হিসেবে মেনে নিচ্ছেন সবাই। এম জি রামচন্দ্রন কিংবা জয়ললিতার মতো তিনিও সিনেমার পর্দা ছাপিয়ে রাজনীতির রাজসিংহাসনে বসতে প্রস্তুত, এমনটাই মনে করছে তাঁর অগণিত ভক্ত-অনুরাগী।

মজার বিষয় হলো, বিজয়ের জনপ্রিয় সিনেমা ‘সরকার’-এর গল্পের সাথে বাস্তবের এই জয়ের দারুণ মিল খুঁজে পাচ্ছেন অনেকে। সিনেমার চরিত্র ‘সুন্দর’ যেমন ভোট জালিয়াতির বিরুদ্ধে লড়াই শুরু করে পুরো সিস্টেম বদলে দিয়েছিলেন, বাস্তবেও থালাপতি বিজয় সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে বাজিমাত করলেন। তবে সিনেমায় তিনি নিজে ক্ষমতা গ্রহণ না করে কিঙমেকারের ভূমিকা পালন করলেও, বাস্তবে তামিলনাড়ুর মানুষ সরাসরি তাঁর কাঁধেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিল। পর্দার সেই ফিকশনাল ‘সরকার’ এখন বিজয়ের হাত ধরে বাস্তবে ধরা দিচ্ছে।