দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বহুল আলোচিত তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে প্রকাশ্যে তাদের বিয়ের ঘোষণা দিলেন। দীর্ঘদিনের গুঞ্জন আর লুকোচুরির অবসান ঘটিয়ে তারা জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্যালেসে বসবে তাদের বিয়ের আসর।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক আবেগঘন বার্তায় তারা জানান, ভক্তরাই বহু আগেই তাদের জুটির একটি নাম দিয়েছিলেন ‘ভিরোশ’ (Virosh)। সেই নামকেই আপন করে নিয়ে তারা লিখেছেন, “আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা, আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে ভিরোশ। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।” ভক্তদের দেওয়া নামকে বিয়ের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে গ্রহণ করায় অনুরাগীদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
এর আগে গত বছর ৩ অক্টোবর হায়দরাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এই প্রেমিক যুগল। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদের আঙুলে বাগদানের আংটি দেখা যাওয়ায় জল্পনা আরও জোরদার হয়। যদিও প্রকাশ্যে কখনোই সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি তারা।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
কয়েক দিন আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হলে রাশমিকা মান্দানাকে ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়। তখন তিনি সরাসরি কিছু না বললেও লাজুক হেসে মাথা নেড়ে প্রতিক্রিয়া জানান, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ চার বছরের গুঞ্জনের পর অবশেষে প্রেমের মাসেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি ঘটতে চলেছে।