বলিউডে নিজের জায়গা তৈরি করতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী ইয়ামি গৌতমকে। ২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ দিয়ে সফল অভিষেক হলেও পরবর্তীতে কাঙ্ক্ষিত সুযোগ পাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, একসময় অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ এবং ‘বালা’ মুক্তির আগেই তিনি প্রায় নিশ্চিত ছিলেন যে বলিউড ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটি জীবন শুরু করার কথা ভাবছিলাম। বাবা-মাও আমাকে সমর্থন করেছিলেন। কিন্তু ঠিক তখনই “উরি” ও “বালা” মুক্তি পেল, আর রাতারাতি সবকিছু বদলে গেল।’

ইয়ামির দাবি, ‘ভিকি ডোনর’ সফল হলেও তাঁকে প্রচলিত অর্থে নায়িকা হিসেবে উপস্থাপন করা হয়নি। ফলে তাঁর কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাব আসত। একজন ‘বহিরাগত’ হিসেবে বলিউডে বারবার নিজেকে প্রমাণ করতে হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, তারকাসন্তানরা ব্যর্থ হওয়ার পরও নতুন সুযোগ পেলেও বাইরের শিল্পীদের জন্য একটি সুযোগই অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বলেও মনে করেন ইয়ামি। তিনি বলেন, এখন দর্শক একজন শিল্পী কোথা থেকে এসেছেন, সেটি নয়; বরং তাঁর অভিনয় এবং কাজের মানকেই গুরুত্ব দেন। এই পরিবর্তন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আগামীতে পরিচালক বালাজি মোহনের ‘নয়ী নভেলী’ সিনেমায় দেখা যাবে ইয়ামি গৌতমকে।