দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত অভিনেতা জায়েদ খান। মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও পরবর্তীতে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তাঁর। এরপর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত অনুষ্ঠানে নিয়মিত পরিবেশনা, সেলিব্রিটি শোয়ের উপস্থাপনা এবং ঈদে মুক্তি পাওয়া দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে নিজের উপস্থিতির জানান দিয়ে আসছেন এই অভিনেতা।

তবে এবার সম্পূর্ণ নতুন ও ভিন্ন এক অবতারে দর্শকদের সামনে ধরা দিচ্ছেন জায়েদ খান। শিগগিরই তাঁকে দেখা যাবে একটি বড় বাজেটের মিউজিক ভিডিওর মূল মডেল হিসেবে। বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই নতুন চমক উপহার দিয়েছেন তিনি। টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সাথে স্টাইলিশ লুকে নাচতে ও গাইতে দেখা গেছে এই নায়ককে, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মাণ করা হয়েছে ‘শিকারী’ ভিডিওটি। এতে জায়েদ খানের সঙ্গে প্রধান নারী মডেল হিসেবে অভিনয় করেছেন ইয়াসমিন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুমি, কারলা, কামিলা ও মিলানার মতো বেশ কয়েকজন বিদেশি মডেলকেও এতে পারফর্ম করতে দেখা গেছে। আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতায় তৈরি এই প্রজেক্টটিতে স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের এনরিক ক্যামাচো।

টিজার প্রকাশের পর দর্শক ও ভক্তদের দারুণ সাড়ায় উচ্ছ্বসিত জায়েদ খান জানান, ভক্তরা টিজারটি নিয়ে দারুণ মুগ্ধ এবং বাংলাদেশ থেকেও অনেকেই তাঁকে শুভকামনা জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মনোরম ও আকর্ষণীয় সব লোকেশনে দৃশ্যধারিত এই মিউজিক ভিডিওটির পুরো গান প্রকাশিত হলে তা দর্শকদের মন কাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা।