প্রায় সাড়ে তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। ‘ডেডলাইন’ শিরোনামের এই অ্যালবামটি প্রকাশ পাবে ২৭ ফেব্রুয়ারি। অ্যালবামে কোন কোন গান থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গানের তালিকা প্রকাশ করেছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডেডলাইন’ অ্যালবামে মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে নিশ্চিতভাবে রয়েছে ‘জাম্প’, ‘গো’, ‘মি অ্যান্ড মাই’ এবং ‘চ্যাম্পিয়ন’। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত হয় ‘জাম্প’। গানটি মুক্তির পরই বিলবোর্ড গ্লোবাল ২০০ চার্টের শীর্ষে জায়গা করে নেয় এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

‘ডেডলাইন’ নামটিও ব্ল্যাকপিংকের অনুরাগীদের কাছে নতুন নয়। ২০২৫ সালের জুলাইয়ে দলটি তাদের ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দেয় ‘ডেডলাইন’ নামেই। সেখান থেকেই অ্যালবামের নাম নেওয়া হয়েছে।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই অ্যালবামে ব্ল্যাকপিংকের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো ফুটে উঠবে। দীর্ঘ সময় ধরে যত্ন নিয়ে গানগুলো তৈরি করা হয়েছে, তাই শ্রোতাদের সমর্থন ও আগ্রহ প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করে ব্ল্যাকপিংক। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৬টি শহরে মোট ৩৩টি শো করেছে দলটি। ট্যুর চলাকালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামসহ বিশ্বের বিভিন্ন বড় স্টেডিয়ামে হাউসফুল শো করেছে তারা।