ভারতের বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (৩ আগস্ট) হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন স্বাগত দে। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মৃত্যুতে বাংলা লোকসংগীত অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।
নিজের সুরেলা কণ্ঠ এবং লোকসংগীতের প্রতি নিবেদিত সাধনার মাধ্যমে স্বাগত দে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি তাঁর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। এসব গানের মাধ্যমে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
স্বাগত দে'র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং ভক্তরা। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।” অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও শোক প্রকাশ করে লিখেছেন, “খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।”
লোকসংগীতশিল্পী দেব চৌধুরীও গভীর শোক প্রকাশ করে বলেন, “স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।”
স্বাগত দে'র প্রয়াণে বাংলা লোকসংগীত হারালো একজন নিবেদিতপ্রাণ শিল্পীকে। তাঁর কণ্ঠে গাওয়া কালজয়ী লোকগান এবং সংগীতচর্চা দীর্ঘদিন শ্রোতাদের স্মৃতিতে বেঁচে থাকবে।