দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে কলকাতায়। কারণ, তাঁর আসন্ন সিনেমা ‘ওসিডি’-র প্রচারণা। সৌকর্য ঘোষাল পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারটি মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ছবির প্রচারে অংশ নিতে গিয়ে ভারতীয় গণমাধ্যমে জয়া খোলামেলা কথা বলেছেন নিজের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ ভাবনা এবং সমাজের অন্ধকার দিক নিয়ে। সেখানেই উঠে এসেছে মাতৃত্ব ও শিশুদের নিরাপত্তা নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান।
জয়া জানান, তিনি চাইলে সন্তান দত্তক নিতে পারেন। তবে বর্তমান পৃথিবীকে তিনি শিশুদের জন্য ভয়ংকর অনিরাপদ বলেই মনে করেন। অভিনেত্রীর ভাষায়, “এই পৃথিবী শিশুদের জন্য ভীষণ অনিরাপদ। সন্তান দত্তক নেওয়ার জন্য জন্ম দেওয়া জরুরি নয়। কিন্তু একটা শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য অন্তত নিরাপদ পরিবেশ তৈরি করা দরকার। মানুষ এখন শুধু ‘আমি আমি’ নিয়ে ব্যস্ত।” সমাজের এই স্বার্থপরতা ও নিরাপত্তাহীনতাই তাঁকে মাতৃত্বের সিদ্ধান্ত থেকে দূরে রেখেছে বলে জানান তিনি।
‘ওসিডি’ সিনেমায় জয়া অভিনয় করেছেন একটি জটিল চরিত্রে। ছবিতে শিশুদের প্রতি যৌন আকর্ষণ বা পিডোফিলিয়ার মতো সংবেদনশীল বিষয়ও উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণ মানুষের কাছে একটা বাচ্চা মানেই মায়া আর স্নেহ। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে শিশুকে দেখলেই যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়। তারা শিশুর শরীরকে অন্য চোখে দেখে। এটা নিঃসন্দেহে মারাত্মক মানসিক অসুস্থতা।”
চরিত্রের গভীরে পৌঁছাতে জয়া করেছেন বিস্তর গবেষণা। বিশ্বজুড়ে আলোচিত ‘এপস্টেইন ফাইলস’-এর মতো ঘটনা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। জয়ার মতে, বাংলা সিনেমায় এ ধরনের বিষয় খুব কমই উঠে আসে। দায়িত্ববোধ থেকেই তিনি মানসিক ব্যাধি ও এর সামাজিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেছেন। তাঁর বিশ্বাস, ‘ওসিডি’ এমন কিছু বাস্তব সমস্যার দিকে আলোকপাত করবে, যেগুলো নিয়ে এখনই খোলাখুলি কথা বলা প্রয়োজন।