দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সময়টা আপাতত ভালো যাচ্ছে না। একের পর এক জটিলতায় পড়ছেন তিনি। সিনেমা ও রাজনীতি দুটো দিকেই ব্যস্ত এই অভিনেতা এবার বড় ধরনের কর ফাঁকির মামলায় ধাক্কা খেলেন। কর ফাঁকির অভিযোগে তাঁর ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এ সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপনের অভিযোগে আয়কর বিভাগ যে জরিমানা করেছিল, তা পুরোপুরি আইন অনুযায়ী। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগের পক্ষ থেকে বিজয়ের বাসভবনে তল্লাশি চালানো হয়। তদন্তে উঠে আসে, ওই অর্থবর্ষে বিজয় আয়কর রিটার্নে ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও সিনেমা ‘পুলি’ থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে উল্লেখ করেননি। আয়কর বিভাগ এটিকে গোপন আয় হিসেবে চিহ্নিত করে।
এরপর ২০১৮ সালে ওই আয়ের বিপরীতে ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা আরোপ করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেন বিজয়। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নোটিশ দেওয়া হয়েছে, ফলে জরিমানাটি অবৈধ। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেননি।
বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা অনুযায়ী যথাসময়ে নোটিশ পাঠানো হয়েছে এবং পুরো প্রক্রিয়া আইনসম্মত। ফলে আয়কর বিভাগের অর্থ আদায়ে আর কোনো আইনি বাধা রইল না।
তবে বিজয়ের জন্য সব পথ একেবারে বন্ধ হয়নি। আদালত জানিয়েছেন, চাইলে তিনি ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এদিকে বিজয়ের নতুন ছবি ‘জননায়গণ’ নিয়েও অনিশ্চয়তা কাটেনি। সেন্সর ছাড়পত্র ও আইনি জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই চাপের মধ্যেই রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।