বিশ্বসংগীতের দুই মহাতারকা, কে-পপ সেনসেশন বিটিএস-এর জাংকুক এবং ভারতের মেলোডি কিং অরিজিৎ সিং কি এবার একসঙ্গে আসছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কয়েকটি ছবি প্রকাশের পর এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মুখে। জাংকুকের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে, যেখানে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁকে বেশ ঘরোয়া ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দেখা গেছে।
শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে কখনও খাবারের টেবিলে আড্ডা দিতে, কখনও গিটার হাতে সুর তুলতে, আবার কখনও মিউজিক রুমে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। অরিজিতের প্রশংসা করে জাংকুক তাঁর পোস্টে লিখেছেন, অরিজিৎ সিং শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং অত্যন্ত বিনয়ী ও মানবিক একজন মানুষ। শিল্পী সত্তার বাইরেও মানুষ হিসেবে অরিজিৎ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন বলে জানান এই বিটিএস তারকা। সবচেয়ে বড় চমক ছিল জাংকুকের দেওয়া একটি ছোট্ট ইঙ্গিত। তিনি জানিয়েছেন, তাঁরা একসঙ্গে কিছু ‘বিশেষ কাজ’ করেছেন যা শীঘ্রই প্রকাশ পেতে পারে।
বিটিএস সম্প্রতি তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করে কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে (প্রথম দিনেই ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি)। সেই রেশ কাটতে না কাটতেই জাংকুকের এই ঘোষণা ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। অন্যদিকে, অরিজিৎ সিং বর্তমান সময়ে প্লেব্যাকের চেয়ে সংগীতচর্চায় বেশি মনোযোগী। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে এই সম্ভাব্য যৌথ গানটি যে বিশ্বসংগীতের মানচিত্রে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।