একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে চান। খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত এই অভিনেত্রী এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিনা খান। গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিনা খান জানান, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, দল থেকে একটি আসন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের অনেক শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান বলেন, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।